আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হলো বার্ষিক রথযাত্রা উৎসব
সেন্ট্রাল নিউজার্সির ইসকনের (ISKCON of Central New Jersey) উদ্যোগে আয়োজিত এই উৎসবে ছিল জগন্নাথ দেবের পূজার্চনা, হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় প্রার্থনা, ঐতিহ্যবাহী নৃত্য এবং বর্ণাঢ্য রথযাত্রা।
(To read the story in English, click here.)
আটলান্টিক সিটি, নিউজার্সি — ২০২৬ সালের ২৮ জুন, রবিবার, নিউজার্সির আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হলো বার্ষিক রথযাত্রা উৎসব। ধর্মীয় ভক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক সম্প্রীতির এই আয়োজনে শহরের ঐতিহাসিক বোর্ডওয়াকে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটে।
সেন্ট্রাল নিউজার্সির ইসকনের (ISKCON of Central New Jersey) উদ্যোগে আয়োজিত এই উৎসবে ছিল জগন্নাথ দেবের পূজার্চনা, হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় প্রার্থনা, ঐতিহ্যবাহী নৃত্য এবং বর্ণাঢ্য রথযাত্রা।

সকাল থেকেই ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে আটলান্টিক সিটির ঐতিহাসিক বোর্ডওয়াক। আটলান্টিক মহাসাগরের ঢেউয়ের গর্জনকে ছাপিয়ে বাতাসে ভেসে আসে “হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম” মহামন্ত্রের সুরেলা ধ্বনি। সমুদ্রতীরজুড়ে সৃষ্টি হয় এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ।

দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ভক্তদের ভিড় আরও বাড়তে থাকে। জগন্নাথ দেবের রথের দড়িতে ভক্তদের হাত পড়তেই সচল হয়ে ওঠে রথের চাকা এবং শুরু হয় মহাযাত্রা। ঢোল, খোল ও মৃদঙ্গের তালে তালে হাজারো কণ্ঠে ধ্বনিত হতে থাকে হরিনাম সংকীর্তন, যা পুরো পরিবেশকে ভক্তিময় ও প্রাণবন্ত করে তোলে।

মিশিগান অ্যাভিনিউ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা বোর্ডওয়াক ধরে নিউ জার্সি অ্যাভিনিউর দিকে অগ্রসর হয়। ধীর গতিতে এগিয়ে চলা রথের পেছনে দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে ভক্তদের সারি। বোর্ডওয়াকে বেড়াতে আসা পর্যটক ও দর্শনার্থীরা রঙিন ও ব্যতিক্রমী এই আয়োজন উপভোগ করতে থেমে যান।
অনেক দর্শনার্থী উৎসাহের সঙ্গে রথযাত্রায় অংশ নেন এবং উচ্চারণে কিছুটা ভিন্নতা থাকলেও হরিনাম সংকীর্তনে কণ্ঠ মেলান। পুরো পথজুড়ে ভক্তরা নেচে-গেয়ে উৎসব উদযাপন করেন। অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের মধ্যে ফলমূল, মিষ্টান্ন এবং বিভিন্ন ধরনের প্রসাদ বিতরণ করা হয়। বিদেশি পর্যটক ও পথচারীরাও সেই প্রসাদ গ্রহণের সুযোগ পান।
রথযাত্রা নিউ জার্সি অ্যাভিনিউতে পৌঁছালে অংশগ্রহণকারীরা আরেকটি উৎসবমুখর পরিবেশের সাক্ষী হন। সেখানে একটি উন্মুক্ত মঞ্চে চলছিল হরিনাম সংকীর্তন, ভক্তিমূলক সংগীত পরিবেশন এবং মহাপ্রসাদ বিতরণ।
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে মানুষ এই উৎসবে অংশ নেন এবং একসঙ্গে মহাপ্রসাদ গ্রহণ করেন। অনেক দর্শনার্থী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মহাপ্রসাদ গ্রহণ করেন। অন্যদিকে, অনেক বিদেশি অতিথিকে রথযাত্রার ইতিহাস, ঐতিহ্য এবং আধ্যাত্মিক তাৎপর্য সম্পর্কে আগ্রহভরে জানতে দেখা যায়।
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে আটলান্টিক সিটিতে রথযাত্রা উদযাপিত হয়ে আসছে। আয়োজকদের মতে, প্রতি বছরই এই উৎসবের পরিধি ও অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
আটলান্টিক মহাসাগরের পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে শেষ হয় দিনের কর্মসূচি। রঙিন উৎসবের স্মৃতি, ভক্তিমূলক সংগীত এবং সৌহার্দ্যের আবহ হৃদয়ে ধারণ করে ভক্তরা আরেকটি সফল রথযাত্রা উদযাপনের পর নিজ নিজ গন্তব্যে ফিরে যান।













Sign Up for Atlantic City Focus Weekend Guide
Your Key to Winning the Weekend in AC and Beyond!
No spam. Unsubscribe anytime.
Thanks for reading the whole story!
At Atlantic City Focus, we're committed to providing a platform where the diverse voices of our community can be heard, respected, and celebrated. As an independent online news platform, we rely on a unique mix of affordable advertising and the support of readers like you to continue delivering quality, community journalism that matters. Please support the businesses and organizations that support us by clicking on their ads. And by making a tax deductible donation today, you become a catalyst for change helping to amplify the authentic voices that might otherwise go unheard. And every contribution is greatly appreciated. Join us in making a difference—one uplifting story at a time!





